শরীয়তপুরে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহীদুল হক।
মঙ্গলবার মজিদ জরিনা ফাউন্ডেশনের উদ্যোগে শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরকলিকাতায় ‘মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ’ প্রাঙ্গণে ১ হাজার ২০০ বন্যা কবলিত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। আইজিপি এই ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টির প্রতিষ্ঠাতা।
এসময় আইজিপি বলেন, বন্যার্ত ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, দাতা সংস্থা এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে।
ত্রাণ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে ১৫ কেজি চাউল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি চিড়া, ১ কেজি গুড়, ১ কেজি লবণ, মোমবাতি, দিয়াশলাই, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
আইজিপি জানান, মজিদ জরিনা ফাউন্ডেশন জনকল্যাণে নিবেদিত একটি সেবাধর্মী প্রতিষ্ঠান। শিক্ষার বিস্তার এবং দুঃস্থ মানুষের কল্যাণে প্রতিষ্ঠানটি কাজ করছে। এ ফাউন্ডেশনের উদ্যোগে স্থাপিত ‘মজিদ জরিনা স্কুল এন্ড কলেজ’ ইতোমধ্যে নড়িয়ায় শিক্ষা ক্ষেত্রে প্রশংসনীয় অবদান রাখছে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, নড়িয়া উপজেলা চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে এম ইসমাইল হক, ভোজেশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ফাউন্ডেশনের ট্রাস্টি এ কে এম নুরুল হক বেপারী এবং কলেজের অধ্যক্ষ মো. ছানোয়ারুল আলমসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিরা।
/এআরআর/এনএস/








