ফরিদপুরের একটি স্কুল ঘরের ছাদ ধসে এক জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন। আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নে এম এ মজিদ উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনে এই দুর্ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় স্থানীয় সংসদ সদস্য আব্দুর রহমান সেখানে উপস্থিত ছিলেন। তবে তিনি অক্ষত রয়েছেন।
আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মো. নাজমুল একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুবেল শেখ (৩০)দিঘল বানা গ্রামের আজিজার রহমানের ছেলে।
আহতদের প্রথমে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধা পাকা একটি ঘর ভেঙে পরে এই হতাহতের ঘটনা ঘটে। স্কুলের প্রয়াত শিক্ষক রায়হান মাস্টারের স্মরণে একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছিল বিদ্যালয় মাঠে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের এমপি আব্দুর রহমান। এসময় শতাধীক দর্শক ওই আধাপাকা ভবনের টিনের ছাদে বসে খেলা দেখছিলেন। হঠাৎ টিনের চালসহ ভবনটি ভেঙে পরে। এসময় দেয়াল চাপা পরে এই হতাহতের ঘটনা ঘটে।
সংসদ সদস্য আব্দুর রহমানের এপিএস নির্মল কুমার বিশ্বাস নয়ন জানান, খেলার শেষ পর্যায়ে এই ঘটনা ঘটে। এমপি আব্দুর রহমান অক্ষত আছেন।
/এনএস/








