সাভারে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তার নাম হাফিজা আক্তার রানী (১৯)। শনিবার সকালে সাভার পৌর এলাকার আব্দুল হালিমের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে।হাফিজার স্বামী রেজাউল হক ইমনকে আটক করেছে পুলিশ।
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
হাফিজা খুলনা জেলার পাইগাছা থানার গোপালপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও হাফিজার বাবা হাফিজুর রহমানের বক্তব্যে জানা যায়, হাফিজা তার স্বামী রেজাউলের সঙ্গে সাভারের ডগরমোড়া মহল্লায় থাকতেন। বিয়ের পর থেকে স্বামী রেজাউল যৌতুকের টাকার জন্য প্রায়ই হাফিজার সঙ্গে ঝগড়া করতেন। ১৫ দিন আগে হাফিজা পরিবারের কাছ থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন। এরপরও রেজাউল আরও এক লাখ টাকার জন্য হাফিজাকে মারধর করতেন। শুক্রবার রাতে যৌতুকের টাকা নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে রেজাউল তার স্ত্রী হাফিজাকে পিটিয়ে হত্যার পর লাশ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখেন। শনিবার সকালে রেজাউল ওই বাড়ি থেকে চলে যেতে চাইলে প্রতিবেশীদের সন্দেহ হয়। এক পর্যায়ে তারা ঘরে হাফিজার ঝুলন্ত লাশ দেখতে পান।
অারও পড়ুন তিতাসকে দায়ী করে টাম্পাকোর শ্রমিকদের মানববন্ধন
/এমডিপি/ এপিএইচ/








