নরসিংদীতে ছেলের বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম জমিলা বেগম (৫০)। এ সময় নিহতের স্বামী মতিউর রহমান (৫৫) গুরুতর আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলে শরীফ পলাতক রয়েছেন।
সোমবার বিকালে নরসিংদী সদর উপজেলার শীলমান্দি ইউনিয়নের তুলশীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শেখের চর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, হামলার খবর পেয়ে তুলশীপুর গ্রামের বাড়িতে ঢুকে জমিলা খাতুনকে নিহত অবস্থায় পাওয়া যায়। এ সময় এলাকাবাসী গুরুতর আহতাবস্থায় মতিউরকে উদ্ধার করে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
নিহতের বড় ছেলে সোহেল জানান, তার মেঝ ভাই শরীফ মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো.আমিনুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, নিহতের মাথার পেছনে ও বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাঠির আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
/এআর/







