নারায়ণগঞ্জের পাইকপাড়ায় গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহতের মামলা তদন্তে দ্বিতীয়বারের মতো ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান পিবিআই-এর এডিশনাল ডিআইজি মঈনুল হাসানের নেতৃত্বে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় মঈনুল হাসান বলেন, ‘তদন্ত কাজ যেভাবে চলে আমরা সেভাবেই করবো। তবে আজকে শুধুমাত্র তদন্ত কর্মকর্তাসহ ঘটনাস্থল পরিদর্শনে আসছি। তাছাড়া তদন্তে অগ্রগতি হওয়া মাত্রই জানানো হবে।’
এর আগে গত ৭ নভেম্বর পিবিআই এর ডিআইজি বনজ কুমার মজুমদার ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, পুলিশ হেড কোয়াটারের আইজিপির নির্দেশে দুদিন আগে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে এ মামলার দায়িত্ব দেওয়া হয়।
গত ২৭ আগস্ট ‘অপারেশন হিট স্ট্রং’ নামের ওই অভিযানে গুলশান হামলার মাস্টারমাইন্ড তামিম চৌধুরীসহ তিন জঙ্গি নিহত হয়। এ ঘটনার পর নারায়ণগঞ্জ সদর মডেল থানায় দায়ের মামলায় ওই থানা পুলিশ তদন্ত শুরু করে। তবে মামলাটি এখন থেকে তদন্ত করবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
/বিটি/








