জঙ্গিবাদ দমনে বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা। রবিবার বেলা ১২টায় মাদারীপুরে প্রায় আড়াই কোটি টাকা অনুদানের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতের হাই কমিশনার এ কথা বলেন।
হাই কমিশনার বলেন, ‘গত জুলাই মাসে যেভাবে জঙ্গিরা আক্রমণ করেছিল, তা বাংলাদেশ সরকার সহজেই নিয়ন্ত্রণে আনতে পেরেছে। এটি এ দেশের জনগণের সহযোগিতাতেই সম্ভব হয়েছে। এ ব্যাপারে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও সচেতন রয়েছেন। বাংলাদেশের যে কোনও সমস্যার ব্যাপারে ভারত সহযোগিতা করবে। বিশেষ করে সন্ত্রাসীবাদ ও জঙ্গিবাদের ব্যাপারে এক হয়ে কাজ করবে।’
হর্ষবর্ধন শ্রীংলা আরও বলেন, ‘বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য ভিসা প্রসেসিং আরও সহজতর করা হচ্ছে। বড় ও ছোট ব্যবসায়ীসহ তাদের পরিবারের সদস্যরাও যেকোনও সময় অ্যাপয়নমেন্ট ছাড়াই ভিসা সংগ্রহ করতে পারবেন। আমরা চেষ্টা করছি, খুব শীঘ্রই ভারতীয় ভিসা প্রসেসিং আরও সহজ হয়ে যাবে।’
এ সময় তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বাংলাদেশ সরকারের দেওয়া গাইডলাইন অনুযায়ী আমরা কাজ করছি।’ এই বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণ হলে খুলনা-রামপাল এলাকার মানুষের জীবনমান উন্নয়নের ভূমিকার কথাও তুলে ধরেন হাইকমিশনার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান ও অতিরিক্ত জেলা প্রশাসক বাবর আলী মীর। হাই কমিশনার মাদারীপুরে দুটি প্রকল্পে ২ কোটি ৩০ লাখ টাকা অনুদানের চুক্তিতে স্বাক্ষর করেন। মাদারীপুরের সদর উপজেলার পক্ষে স্বাক্ষর করেন সদর উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান ও রাজৈর উপজেলার পক্ষে উপজেলা চেয়ারম্যান শাহজাহান হাওলাদার। পরে তিনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
আরও পড়ুন:
ইমো ভাইবার হোয়াটসঅ্যাপ বন্ধের প্রশ্নই আসে না: তারানা হালিম
/বিটি/








