দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগেরে থেকে অনেক ভালো বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)এ কে এম শহিদুল হক। তিনি বলেন, ‘জঙ্গিদের আমরা চাপে রেখেছি। আর জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে, তাই তারা এদেশে আর কোনও দুর্ঘটনা ঘটতে পারবে না বলে আমার বিশ্বাস।’
সোমবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ঢাকা রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
রোহিঙ্গা বিষয়ে মহাপরিদর্শক বলেন, ‘প্রধানমন্ত্রী রোহিঙ্গা বিষয়ে সংসদে বিস্তর আলোচনা করছেন। আগে অনেক রোহিঙ্গা আমাদের দেশে এসেছে। তাদের বেশ কিছু আমরা রোহিঙ্গা ক্যাম্পে জায়গা দিতে পেরিছি। এছাড়া যেসব রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে তাদের ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে বিজিবি, কোস্টগার্ড শতর্কাবস্থায় রয়েছে। তাদের অনুপ্রবেশে বাধা দিচ্ছে। তারপরও তারা বাংলাদেশে চলে আসছে। মানবিক কারণে যারা শিশু বৃদ্ধ তাদেরকে বাধা দেওয়া হচ্ছে না। তারা যদি ব্যপক হারে আসে তাহলে সামাজিক, অর্থনৈতিক সমস্যা হবে।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কেউ নিখোঁজ হওয়ায় আতঙ্কের কিছু নেই। নিখোঁজ নানা করণে হতে পারে। আর নিখোঁজ হলেই যে জঙ্গিতে যোগদান করে তা না। তারপরেও যারা নিখোঁজ হয়ে যায় তাদের ব্যাপারে আমাদের জানালে আমরা চেষ্টা করি তাদেরকে খুঁজে বের করার।’
ঢাকা রেঞ্জের ডিআইজি ডিআইজি মাহাফুজল হক নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডিআইজি প্রশাসন বিনয় কৃষ্ণ বালা, পুলিশের পদস্থ কর্মকর্তা ও ১৩ জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
/এইচকে/এআর/








