আসন্ন শেরপুর জেলা পরিষদ নির্বাচনে হুইপ আতিউর রহমান আতিকের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর রুমান। বুধবার দুপুরে শেরপুর শহরের খরমপুর এলাকায় স্থাপিত তার নির্বাচনি ক্যাম্প অফিসে সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ‘মাননীয় হুইপ সরকারি সুবিধা ভোগ করে ও প্রভাব খাটিয়ে এ নির্বাচনের ভোটার বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বারদের বিভিন্ন রাস্তা নির্মাণ, টিআর, জিআর, কাবিখার মাধ্যমে অনুদানের প্রলোভন দেখাচ্ছেন এবং গোপনে বৈঠক করে তার মনোনীত আনারস প্রতীকের প্রার্থী চন্দন কুমার পালকে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন। আমরা চাই তিনি নির্বাচনি কাজে অংশগ্রহণ না করুন,তবেই একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি।’
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ছানুয়ার হোসেন ছানু, জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আক্তারুজ্জামান, চরশেরপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য সুজন তালুকদার সফি। এ সময় জেলা আওয়ামী লীগের নেতাকর্মী, জনপ্রতিনিধি ভোটার, চেয়ারম্যান প্রার্থী রুমানের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে হুইপ আতিউর রহমান আতিক সাংবাদিকদের বলেন, ‘বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও সাজানো। এ ধরনের কোনও ঘটনা ঘটেনি। আমি কোনও চেয়ারম্যান, মেম্বারকে কাজের প্রলোভন দেখাইনি।’
আরও পড়ুন:
সারাদেশ এখন কারাগারে রূপান্তরিত হয়েছে: মির্জা ফখরুল
/বিটি/








