রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের বলতা সুইচ গেইট এলাকায় নদী তীরবর্তী বাঁধের প্রায় ৩ একর জমি নদীতে ধসে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। এসময় নদী ভাঙন ঠেকাতে ব্যবহৃত হাজার হাজার সিসি ব্লকও নদীতে বিলীন হয়ে গেছে। শহর রক্ষা বাঁধের নিচ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণেই এমন ভয়াবহ ঘটনা ঘটেছে বলে দাবি স্থানীয়দের। শুক্রবার সকাল ৬টার দিকে সুইচ গেট সংলগ্ন বলতা বাইনুর জামে সমজিদের সামনে অবৈধভাবে মজুদ করে রাখা কয়েক লাখ টন বালি প্রায় ৩ একর জমি নিয়ে পদ্মার গর্ভে ধসে যায়। এসময় স্থানীয়দের মধ্যে ভীতির সৃষ্টি হলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয়রা জানান, একটি প্রভাবশালী বালুখেকো চক্র রাজবাড়ী শহর রক্ষা বাঁধের পাশ থেকে বালু উত্তোলন করে আসছে। নদী থেকে বালু উত্তোলন ও তা নদী পাড়ে মজুদের কারণে বাঁধের রাস্তার পাশের জমি নদীতে ধসে পরে। যেকোনও সময় শহর রক্ষা বাঁধ ভেঙে রাজবাড়ী জেলা ডুবে যেতে পারে পানিতে।
স্থানীয় লক্ষ্মীকোল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সেলিম জানান, অনেক বছর ধরেই উড়াকান্দা থেকে গোদার বাজার ঘাট প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত কয়েকটি প্রভাবশালী মহল নদীর তীর থেকে বালি উত্তোলন করে আসছে। স্থানীয়দের পক্ষ থেকে প্রশাসনের বিভিন্ন মহলে একাধিকবার জানিয়ে কোনও সুরাহা হয়নি।
স্থানীয় বরু বেগম (৫৫) জানান, ছোটবেলা থেকেই নদী পাড়ের মানুষ তারা। কিন্তু নদী আজ বড় অসহায় হয়ে পড়েছে বালি ব্যবসায়ীদের কাছে। তাদের নিষেধ করলে প্রাণনাশের হুমকি দেয়।
বরাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মনিরুজ্জামান সালাম জানান, নদী তীর থেকে বালি উত্তোলন করে মজুদের ফলে প্রায় ৩ একর জমি ধসে সিসি ব্লক সব নদী গর্ভে চলে গেছে। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা গ্রহণ না করে রাজবাড়ী শহর তলিয়ে যাবে।
রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী গৌরপদ সূত্রধর জানান, নদীর তীর থেকে বালি উত্তোলনের ফলে এমন ঘটনা ঘটেছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।
/এমও/








