নারায়ণগঞ্জের একটি স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপলক্ষে মঞ্চ তৈরির জন্য কেটে ফেলা হয়েছে ৬টি গাছ। মঙ্গলবার বিকেলে গাছগুলো কাটা হয়েছে এবং সেখানে তৈরি করা হচ্ছে বিশাল মঞ্চ। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আসার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।
জানা গেছে, নারায়ণগঞ্জ শহরের দেওভোগে মর্গ্যান উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী বৃহস্পতিবার। সেখানে আমির হোসেন আমুকে প্রধান অতিথি করা হয়েছে।
মঞ্চ নির্মাণ শ্রমিকদের সঙ্গে কথা বললে তারা জানায়, মঞ্চ বানানোয় অসুবিধা হচ্ছে বলে গাছগুলো কেটে ফেলা হয়েছে। মঞ্চের জন্য বিশাল জায়গা প্রয়োজন। গাছগুলোর কারণে বিশাল মঞ্চের ফ্রেম করা সম্ভব হচ্ছিল না।
মর্গ্যান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, ‘গাছগুলো অনেক দিনের এবং মরে যাচ্ছিল। এ কারণে সবার সিদ্ধান্ত নিয়ে গাছগুলো কাটা হয়েছে। সেখানে আমরা নতুন করে গাছ লাগাবো। অনুষ্ঠান উপলক্ষে অনেক বড় মঞ্চ করা হয়েছে ঠিক তবে সেই কারণে গাছ কাটা হয়নি। গাছগুলো দুই-তিনদিন আগেই কাটা হয়েছে। এর আগেও স্কুল ভবন নির্মাণের জন্য আমরা গাছ কেটে ছিলাম।
/জেবি/
আরও পড়তে পারেন: রাজশাহীতে পাঁচ দিনে ১৪ জঙ্গি গ্রেফতার







