নারায়ণগঞ্জ শহর ও শহরতলীতে খেলার মাঠ রক্ষায় আন্দোলন শুরু করেছে স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আন্দোলনে সম্পৃক্ত কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সড়কে ‘দড়ি লাফ’ খেলে প্রতিবাদ জানাতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলেছেন, ‘ জেলার সব খেলার মাঠ রক্ষায় প্রয়োজনে কঠোর আন্দোলনে যাবো।’
প্রসঙ্গত শহরের খানপুর বরফকল মাঠ, আলীগঞ্জ মাঠ ও চাষাঢ়ায় শিশু কল্যাণ স্কুল মাঠে স্থাপনা নির্মাণ করতে সরকারিভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বরফকল মাঠে খেলতে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ), আলীগঞ্জে গণপূর্ত মন্ত্রণালয়ের বহুতল ভবন নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। শিশু কল্যাণ মাঠেও বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা সামছুজ্জামান ভাষানী। সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, আলীগঞ্জ ক্লাবের সভাপতি এবং জাতীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক, আমরা নারায়ণগঞ্জবাসীর সভাপতি হাজী নুরুদ্দিন, সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন মন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা, মুক্তিযোদ্ধা জহিরউদ্দিন মহি, মুক্তিযোদ্ধা মো. মজিবুল হক চুন্নু প্রমুখ।
এর আগে খানপুর, নগর খানপুর, হাজীগঞ্জ, তল্লার সর্বস্তরের এলাকাবাসীর উদ্যোগে শহরের ঐতিহ্যবাহী বরফকল মাঠের সামনে থেকে মাঠের দাবিতে বিক্ষোভ মিছিল বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এ আন্দোলনের সঙ্গে সংহতি জানান, চাষাঢ়া শিশু কল্যাণ স্কুল মাঠ ও আলীগঞ্জ মাঠ রক্ষার আন্দোলনকারীরা।
আলীগঞ্জ ক্লাবের সভাপতি এবং জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ বলেন, এই নারায়ণগঞ্জ থেকে চুন্নু, এমিলি, গাউস, জাকির, স্বপন, মোনেম মুন্না, জাহাঙ্গীর ও বিদ্যুৎসহ অনেক খেলোয়ার শুধু জাতীয় পর্যায়েই নয় আর্ন্তজাতিক পর্যায়েও খ্যাতি লাভ করেছিল। কিন্তু এখন নারায়ণগঞ্জ থেকে যাতে খেলোয়ার সৃষ্টি না হয় সেজন্য ষড়যন্ত্র শুরু হয়েছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি অ্যাডভোকেট এবি সিদ্দিক বলেন, যে কোনও মূল্যেই খেলার মাঠ রক্ষা করতে হবে।
/জেবি/
আরও পড়তে পারেন: গাজীপুরে হত্যা মামলায় তিন জনের মৃতুদণ্ড, এক জনের যাবজ্জীবন কারাদণ্ড








