গাজীপুরের কালীগঞ্জে বাস চাপায় রনি (১৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত ও রিফাত (১৬) নামের আরও একজন আহত হয়েছেন। শুক্রবার দিনগত রাত সাড়ে ১১টায় টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের শ্রমিক কলেজের সামনে এ দুর্ঘটনায় ঘটে। দুর্ঘটনার পর ওই সড়কে আধা ঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিল। কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে নরসিংদী থেকে টঙ্গীগামী একটি বাস (মোমেন শাহী ব-১২৭) কালীগঞ্জগামী একটি মোটরসাইকেলকে (ঢাকা মেট্রো-হ-৪৯৩১৫৮) শ্রমিক কলেজের সামনে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহীর মধ্যে রনি ঘটনাস্থলেই মারা যায়। পরে গুরুতর আহত রিফাতকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সুলতান আহমেদ জানান, রনিকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে এবং রিফাতের চিকিৎসা চলছে।
কালীগঞ্জ সার্কেলের অতিরিক্তি পুলিশ সুপার পঙ্কজ দত্ত জানান, ঘটনার পর টঙ্গী-কালীগঞ্জ-ঘোড়াশাল বাইপাস সড়কের প্রায় দুই কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
/এফএস/
আরও পড়ুন-








