গাজীপুরের শ্রীপুর উপজেলায় নুরুল ইসলাম (৭১) নামের এক মুক্তিযোদ্ধার ওপর হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় এক ব্যক্তি আটক করে পুলিশ। মাধখোলা এলাকার ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়েছে। শনিবার বিকালে মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনা ঘটে।
মুক্তিযোদ্ধার ছেলে ইমরান সরকার বলেন, ‘শ্রীপুর উপজেলার মাধখোলা এলাকার রফিকুল ইসলামের কাছ থেকে ২০১১ সালে দলিল করে কিছু জমি কিনি আমরা। ওই জমিতে ঘরবাড়ি তৈরি করে ও গাছপালা রোপন করে আমরা বসবাস করছি। স্থানীয় মোক্তার হোসেন, জামাল গং দীর্ঘদন ধরে ওই জমির পাশের আমাদের দখলীয় কিছু (খাস) জমি জোর করে দখল ও বিক্রি করার চেষ্টা করছে। আমরা তাতে বাধা দিলে তারা আমাদের খুন-জখমের হুমকি দিচ্ছিল।’
তিনি আরও বলেন, ‘এই বিরোধের জেরে শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে মাধখলা মোড় থেকে বাসায় ফেরার পথে মোক্তার হোসেন (৪৮) তার সঙ্গীদের নিয়ে আমার বাবার ওপর লাঠি দিয়ে হামলা চালায়। এসময় বাবার বন্ধু দেলোয়ার হোসেনের সহায়তায় বাবাকে তার গাড়িতে তুলে নেওয়ার সময় গাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরে বাবাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, স্থানীয় গণ্যমান্যরা বিষয়টি মিমাংসার আশ্বাস দেওয়ায় জিজ্ঞাসাবাদ শেষে মোক্তার হোসেনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে মোক্তার হোসেন জানান, ‘আমারসঙ্গে নয়, রফিকুলদের সঙ্গে জমি নিয়ে নুরুল ইসলামের বিরোধ চলছে। তবে কয়েকটি বৈদ্যুতিক মিটার সংযোগের চুক্তি নিয়েও তা স্থাপন না করায় কথা কাটাকাটির এক পর্যায়ে শনিবার তাকে আমি গলাধাক্কা দেই, কোনও হামলা করিনি।’
/এফএস/
আরও পড়ুন-
'ফিরে এসে দেখি কিছুই নাই, সব পুড়ে ছাই'








