সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির নীতি নির্ধারকরা বলছেন তারা শেখ হাসিনার অধীনে নির্বাচন করবে না। আবার একতরফা নির্বাচনও করতে দেবে না। বিএনপি আসলে কী চায় তারা নিজেরাই জানে না।’
শুক্রবার (৯ জুন) বেলা ১১ টার দিকে ঢাকা মাওয়া মহাসড়কে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় বিআরটিএ’র মোবাইল কোর্ট পরিচালনা পরিদর্শনকালে এসব কথা বলেন।
আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে এবং ৫টি পয়েন্টে ১৫ টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলেও জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশপথগুলো দখলমুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, ‘বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দেবে না। আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি, আরেক দিকে মামলা দেই। আমরা বলি, নির্বাচনের পরিবেশের সঙ্গে মামলার কোনও সম্পর্ক নেই।’
এদিকে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত- ৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়।
/এফএস/








