নিখোঁজের পাঁচ মাস পর ফরিদপুর শহরের হাজী শরিয়তুল্লাহ বাজার সংলগ্ন রথখোলা যৌনপল্লী থেকে ১৬ বছরের এক কিশোরীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় আটক করা হয়েছে মর্জিনা নামের এক নারীকে। পরে ওই কিশোরী বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালী থানায় মানবপাচার আইনে মামলা করেছে।
র্যাব ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা মঙ্গলবার রাতে (১১ জুলাই) যৌনপল্লীতে অভিযান চালায়। সেখানে মর্জিনার ঘর থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় মর্জিনাকে।
মো. রইছউদ্দিন আরও জানান, পাঁচ মাস আগে ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে গোপালগঞ্জ জেলার মুকসেদপুর উপজেলার কমলাপুর গ্রামের মেহেদী হাসান মিকু যৌনপল্লীতে বিক্রি করে দেয়। পরে ওই কিশোরীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে দেহব্যবসায় বাধ্য করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিমউদ্দিন আহমেদ জানান, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবে।
/জেবি/
আরও পড়তে পারেন: ২৪ ঘণ্টার ব্যবধানে নতুন করে ১৭টি গ্রাম প্লাবিত: ত্রাণ অপ্রতুল








