বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে পুলিশের গুলিতে নিহত ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন তুষারের খুনিদের বিচারের দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগ এ কর্মসূচির আয়োজন করে। সোমবার দুপুরে সরকারি বঙ্গবন্ধু কলেজ ক্যাস্পাস থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রলীগ নেতা কর্মীরা। এসময় মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সদর উপজেলা যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বাপ্পী, নিহত রাকিব হোসেন তুষারের স্ত্রী ঝিমলি খান, সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক জিএস রাসেল সিকদার, সাবেক আহ্বায়ক সফিকুল ইসলাম সজীব। এসময় বক্তরা, রাকিব হোসেন তুষারের হত্যাকারীদের দ্রুত বিচারের দাবি জানান।
প্রসঙ্গত, বিগত ২০০৪ সালের ৩১ জুলাই বাস ধর্মঘটকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই দল শ্রমিকের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি হয়। এসময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি রাকিব হোসেন খান তুষার গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। এছাড়াও আহত হন জেলা ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক গাজী হাফিজুর রহমান লিকুসহ অন্তত ৫০ জন নেতাকর্মী। ওইসময় তুষার হত্যাসহ ১৪টি মামলা হয়।
/জেবি/
আরও পড়তে পারেন: কালীগঞ্জে বয়স্ক ভাতার কার্ড নিয়ে অনিয়ম, তদন্তে আট সদস্যের কমিটি








