সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আসন্ন ঈদুল আজহায় মহাসড়কের পাশে কোনও কোরবানির পশুর হাট বসতে দেওয়া হবে না।’ বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন সেতুর টোলপ্লাজা এলাকায় তিনি এ কথা বলেন। এখানে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনে এসেছিলেন মন্ত্রী।
ঈদে ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণে আনা হবে বলেও আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। তার ভাষ্য, ‘ভারী বর্ষণ হলে রাস্তা মেরামত কঠিন। এবার যদি ভারী বর্ষণ না হয় তাহলে গত রোজার ঈদের মতো এবারের ঈদযাত্রাও স্বস্তিদায়ক হবে সবার জন্য।’
আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশে আমরা একটি ভালো নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। সবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন হবে।’
ষোড়শ সংশোধনী বাতিলের রায়কে ঘিরে বিএনপি মনে করে, বর্তমান সরকারের পদত্যাগ করা উচিত। এ প্রসঙ্গ এলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে আমরা ভিন্নমত পোষণ করতেই পারি। এ রায় দ্বিমত করার মতো। তবে রায়ে সরকারের পদত্যাগের কোনও বিষয় আছে বলে আমার জানা নেই।’
বিএনপির সমালোচনা করে সেতুমন্ত্রীর ভাষ্য, ‘সরকারের উন্নয়নে বিএনপি ভীত। তারা নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কা থেকে কখনও আদালত, আবার কখনও বিদেশিদের কাছে যাচ্ছে। সব হারিয়ে এখন এই দলটি দিশেহারা। তারা নিজেদের আন্দোলনে জনগণকে না পেয়ে ব্যর্থতা থেকে এখন চক্রান্তের পথ বেছে নিয়েছে। তারা অন্ধগলি দিয়ে ক্ষমতায় যেতে চায়। কিন্তু বিচ্ছিন্ন কোনও কর্মসূচি দিয়ে জনগণের সরকারকে ক্ষমতা থেকে সরানো যায় না।’
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথোরিটির (বিআরটিএ) ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/বিএল/জেএইচ/








