রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১২ বছর বয়সী এক হোটেল কর্মচারীকে মোবাইল ফোন কিনে দেওয়ার লোভ দেখিয়ে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত বাচ্চু শেখ (৪০) নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০ আগস্ট) দুপুরে বালিয়াকান্দি বাজার এলাকা থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়।এরপর বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেফতারকৃত বাচ্চু ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের নওপাড়া গ্রামের আফসার শেখের ছেলে।
বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, শিশুটি বালিয়াকান্দি উপজেলার জামালপুর বাজারে রইজ মিয়ার খাবারের হোটেলে কাজ করতো। রাতে সে ওই হোটেলেই ঘুমাতো। এই সুযোগে একই বাজারের মুদি দোকানি বাচ্চু শেখ ভালো মোবাইল ফোন কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে গভীর রাতে শিশুটিকে নিজের দোকানে ডেকে নিয়ে বলাৎকার করতো। এভাবে গত তিন মাস ধরে বাচ্চু ওই শিশুটিকে বলাৎকার করে আসছিল।
রবিবার (৬ আগস্ট) দিবাগত গভীর রাতে শিশুটিকে হোটেল থেকে ডেকে নিয়ে বলাৎকার করার সময় হোটেল মালিক রইজ মিয়াসহ বাজারের পাহাড়াদাররা ঘটনাটি দেখে ফেলে। ঘটনার পর বাচ্চু শেখ মিমাংসার কথা বলে এলাকা থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বৃহস্পতিবার হোটেল মালিক রইজ মিয়া বাদী হয়ে বাচ্চু শেখকে আসামি করে থানায় মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি বাজার এলাকা থেকে বাচ্চুকে গ্রেফতার করা হয়।
/বিএল/







