টাঙ্গাইলের ধনবাড়ীতে চলন্ত বাসে পোশাক শ্রমিককে গণধর্ষণের মামলায় আসামি রেজাউল করিম ওরফে জুয়েল জামিন পেয়েছেন। বুধবার (৩০ আগস্ট) টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবদুল মান্নান ওই জামিন মঞ্জুর করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলী এ কে এম নাসিমুল আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
টাঙ্গাইল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, কারাগারে থাকা তিন আসামি বুধবার আদালতে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক ২ নম্বর আসামি রেজাউল করিম ওরফে জুয়েলের জামিন মঞ্জুর করেন।
এই মামলার আসামি ‘বিনিময় সার্ভিসের’ চালক হাবিবুর রহমান, ভাড়া আদায়কারী রেজাউল করিম ওরফে জুয়েল ও চালকের সহকারী আবদুল খালেক ঘটনার পরপরই গ্রেফতার হয়। আসামিরা টাঙ্গাইল কারাগারে আছে। অপর আসামি আশরাফুল পলাতক রয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই পোশাক শ্রমিক ধনবাড়ীর এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ২০১৬ সালের ১ এপ্রিল সকালে গাজীপুরের শফিপুর এলাকায় তার কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে ভোরে ধনবাড়ী বাসস্ট্যান্ডে আসেন। ঢাকাগামী একটি বাসে ওঠার পর দেখতে পান গাড়িতে আর কোনও যাত্রী নেই। বাসটি তাকে নিয়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। পথে আসামিরা তাকে ধর্ষণ করে। পরে মধুপুর উপজেলা সদর থেকে কয়েক কিলোমিটার দূরে ময়মনসিংহ সড়কে নামিয়ে দেওয়া দেওয়া হয়।
আরও পড়ুন:
চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিলো চালক ও সুপারভাইজার







