স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বর্তমানে বিপুল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মানবিক কারণে আমরা তাদের আশ্রয় দিয়েছি। তবে তারা দীর্ঘদিন থাকতে পারে না। তাদেরকে ফিরিয়ে নিতে হবে।’
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের মধুপুর অডিটরিয়ামে মধুপুর ও ঘাটাইল উপজেলার হতদরিদ্রদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির উদ্বোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
তিনি আরও বলেন,‘শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা-ঘাটসহ সবক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।’
তিনি বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনেই হবে। সংবিধানের বাইরে কিঞ্চিৎ পরিমাণ যাওয়ার সুযোগ নেই।’
স্বাস্থ্য সচিব মো.সিরাজুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক এমপি, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড.আব্দুর রাজ্জাক এমপি, বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজের উপাচার্য ডা.কামরুল হাসান, টাঙ্গাইল জেলা প্রশাসক খান মো. নূরুল আমিন, পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সরোয়ার আলম খান, ঘাটাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মো.নজরুল ইসলাম খান সামু, কালিহাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম ঠান্ডু প্রমুখ।
পরে স্বাস্থ্যমন্ত্রী মধুপুর ও ঘাটাইলের হতদরিদ্র ১০ জনকে স্বাস্থ্য সুরক্ষা কার্ড দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন।
আরও পড়ুন:







