নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে নগর ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্যানেল মেয়র-১ আফরোজা হাসান বিভা, প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি ও প্যানেল মেয়র-৩ মিনোয়ারা বেগম মিনু নির্বাচিত হয়েছেন। সিটি করপোরেশন নির্বাচনের আট মাস পর এই প্যানেল মেয়র নির্বাচন হলো।
নগর ভবনের সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের মাসিক সভা শেষে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। প্যানেল মেয়র-২ মতিউর রহমান মতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সিটি করপোরেশনের মেয়র, ২৭টি ওয়ার্ডের ২৭ জন কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডের ৯ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এ এফ এম এহতেশামুল হক।
উল্লেখ্য, গত বছর ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক ভোটের ব্যবধানে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী মেয়র নির্বাচিত হন। আট মাস পর প্যানেল মেয়র নির্বাচন সম্পন্ন করা হলো।








