আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করে দেশে একটি অস্বাভাবিক সরকার প্রতিষ্ঠা করাই খালেদা জিয়ার উদ্দেশ্য মন্তব্য করে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন,‘এ কারণেই তিনি আলোচনায় বসেন না। তিনি সহায়ক সরকারে কথা বলেন কিন্তু এর রুপরেখা দিতে পারেন না।’ বুধবার বিকেলে জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ শহরের ডিআইটি চত্ত্বরে জেলা ও মহানগর জাসদ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়া এক বার সহায়ক সরকারের কথা বলে, আরেক বার তত্ত্বাবধায়ক সরকারের কথা বলে, সকাল বেলা শেখ হাসিনাকে ছুটিতে যাওয়ার কথা বলে, আবার বিকেল বেলা সংসদ ভেঙে দেওয়ার কথা বলে। আমি ভাবি খালেদা জিয়া এতো উল্টা-পাল্টা কথা কেন বলছেন? খালেদা জিয়ার কথা ঠিক থাকে না কেন? আসলে খালেদা জিয়া নির্বাচন করতে চান না। খালেদা জিয়ার একটাই উদ্দেশ্য নির্বাচন বানচাল করা।
খালেদা জিয়া দেশের ও রাজনীতির জন্য বিপদজনক ব্যক্তি মন্তব্য করে হাসানুল হক ইনু বলেন, ‘রাজাকার ও জঙ্গিরা যদি খারাপ হয়, তা হলে রাজাকারের লালনকারী, জঙ্গি লালনকারী ও রাজাকারের সঙ্গী খালেদা জিয়া ভালো হয় কি ভাবে।’
মন্ত্রী আরও বলেন, ‘খালেদার কাছে ক্ষমতায় যাওয়া মানেই রাজাকারের কাছে ক্ষমতায় যাওয়া। আমি তা হতে দিতে পারি না। বাংলাদেশে আর জঙ্গি রাজাকারের সরকার আসতে দেওয়া হবে না। দেশের স্বার্থে খালেদা জিয়া ও বিএনপিকে ক্ষমতা ও রাজিনীতির বাইরে রাখতে হবে।’
তিনি ২০১৮ সালের নির্বাচনে খালোদা জিয়া ও বিএনপিকে রাজনীতির বাইরে রেখে শেখ হাসিনার সঙ্গে ঐক্য গড়ার ঘোষণা দেন। পাশাপাশি শেখ হাসিনার সম্মান রক্ষার্থে আওয়ামী লীগের নেতাদের দলবাজি করা থেকে বিরত থাকার আহ্বান জানান।
জেলা জাসদের সভাপতি আবদুস সাত্তারের সভাপতিত্বে জন সভায় আরও বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় যুগ্ন-সাধারণ সম্পাদক শওকত রায়হান, জেলা সাধারণ সম্পাদক মোহর আলী চৌধুরীসহ অনেকে।
আরও পড়ুন: ফুলপুর উপজেলা চেয়ারম্যান সাময়িক বরখাস্ত








