টাঙ্গাইলের ভূঞাপুরে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও মাদ্রাসা জুনিয়র দাখিল (জেডিসি) পরীক্ষায় নকল করায় দায়ে ১১ শিক্ষার্থীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ। সোমবার (৬ নভেম্বর) সকালে ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ জনকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত ওই পাঁচ শিক্ষার্থী ঘাটাইল উপজেলার শহীদ সালাম ও সিঙ্গুরিয়া লোকের পাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
এর আগে বৃহস্পতিবার (২ নভেম্বর) নিকরাইল কেন্দ্রের চরসিংগুলী মুসলিম বিদ্যালয়ের দুজন ও নিকরাইলের রানী দীনমনি উচ্চ বিদ্যালয়ের দুই জন এবং জেডিসির দুই শিক্ষার্থীকে একই অপরাধে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে সোমবার ভূঞাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর আগে বিগত পরীক্ষায় একই অপরাধে নিকরাইল কেন্দ্র থেকে জেএসসির চার জন ও জেডিসির দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়।







