গোপালগঞ্জে শাহরিয়ার রহমান অভি (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থীকে সন্ত্রাসীরা পরীক্ষা কেন্দ্রের সামনে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ উঠেছে। বুধবার (৮ নভেম্বর) দুপুরে শহরের বীণাপানি স্কুল পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত পরীক্ষার্থী গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতী গ্রামের অছিকুর রহমান শেখের ছেলে। সে কাঠি স্কুল থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
আহত শিক্ষার্থী অভি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘স্কুলে তামিম নামে এক সহপাঠীর সঙ্গে আমার একটু ঝামেলা ছিল। বুধবার পরীক্ষা কেন্দ্রের সামনে সে তিন-চার জন ছেলেকে আমাকে দেখিয়ে দিয়ে চলে যায়। এরপর ওই ছেলেগুলো কিছু বুঝে ওঠার আগেই আমাকে মারধর শুরু করে। পরে তাদের কাছে থাকা ছুরি দিয়ে আমাকে কুপিয়ে আহত করে। এতে আমার হাত ও পেট জখম হয়েছে।’
ইন্সপেক্টর গোলাম ফারুক জানান, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।







