নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে দাওয়াত দিতে নগরভবনে গেলেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি এ কে এম সেলিম ওসমান। তিনটি স্কুলের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মেয়রকে দাওয়াত দেন তিনি। বুধবার (২২ নভেম্বর) দুপুরে নিতাইগঞ্জের নগরভবনে যখন সেলিম ওসমান পৌঁছান তখন মেয়র আইভী কাউন্সিলর ও কর্মকর্তাদের নিয়ে সভা করছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিটি করপোরেশনে প্রধান নিবার্হী কর্মকর্তা এহতেশামুল হক। তিনি জানান, বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সেলিম ওসমানের ব্যক্তিগত সহায়তায় বন্দরের তিনটি মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র নিজের হাতে মেয়রকে পৌঁছে দেন জাতীয় পার্টির এমপি সেলিম ওসমান।
উল্লেখ্য সেলিম ওসমানের সহায়তায় নির্মিত স্কুল তিনটি হচ্ছে- বন্দরের ত্রিবেনী মিনারবাড়ি শামসুজ্জোহা এম বি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়, শেখ জামাল উচ্চ বিদ্যালয় ও নাগিনা জোহা উচ্চ বিদ্যালয়।
এহতেশামুল হক জানান, বুধবার দুপুরে সিটি কপোরেশনের মাসিক সভা চলছিল। ওই সভায় গিয়ে উপস্থিত হন সেলিম ওসমান। পরে তিনি একটি আমন্ত্রণপত্র মেয়রকে দেন। সেখানে কুশল বিমিয়ের পর মেয়রের পাশের একটি চেয়ারে বসেন এমপি সেলিম ওসমান। কিছুক্ষণ অবস্থান করে তিনি চলে যান। এ নিয়ে ২০১৪ সালের ২৬ জুন উপনির্বাচনে জয়ী হওয়ার পর সেলিম ওসমান তিনবার নগরভবনে গেলেন- জয়ের পর, গত জুলাইয়ে বাজেট অনুষ্ঠানে ও সর্বশেষ বুধবার।
নগরভবনে সেলিম ওসমান সবার উদ্দেশে বলেন, ‘এলাকার উন্নয়নে আমরা একে অপরকে সাহায্য করবো। এলাকার উন্নয়নে আমরা সবসময় একে অপরের পাশে থাকবো। সেই সঙ্গে সবার প্রতি অনুরোধ থাকবে এলাকার উন্নয়নে সব জনপ্রতিনিধিরা যেন একে অপরকে সহযোগিতা করেন।’








