রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালে এক হাজতির মৃত্যু হয়েছে। হাজতির নাম মো. নুরুল ইসলাম (৬৫)। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হাসপাতালে মারা যাওয়া মো. নুরুল ইসলাম লক্ষীপুর জেলখানার হাজতি ছিলেন। তার গ্রামের বাড়ি লক্ষীপুর জেলার চন্দ্রপুর থানার নন্দী গ্রামে।
মৃত নুরুল ইসলামের ছেলে মো. সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে আমাদের এলাকার এক ব্যক্তি আমার বাবার নামে মামলা করলে আদালত তাকে জামিন না দিয়ে লক্ষীপুর কারাগারে পাঠায়। সেখানে দুইমাস কারাবন্দী থাকার পর তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। পরে ২৫ ডিসেম্বর (সোমবার) তাকে সলিমুল্লাহ মেডিক্যালের মেডিসিন বিভাগের একটি ওয়ার্ডে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। শুক্রবার (২৯ডিসেম্বর)সকালে খবর পেয়ে আমরা হাসপাতালে আসি।’
এসআই জানান, ঢাকা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমা সিদ্দিকার উপস্থিতে ময়না তদন্ত করার পর শুক্রবার বিকাল ৫টায় নুরুল ইসলামের মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।








