নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পিকআপ ভ্যানের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার (২ জানুয়ারি) ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িচর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার।
নিহতরা হলেন নাছির হোসেন (২০) ও শাহিন আলম (৩০)। নাছির লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানার পূর্ব আলাজাতপুর এলাকার কাজী শফিউল্ল্যাহর ছেলে এবং শাহীন সিরাজগঞ্জের শাহাজাতপুর থানার নারুয়া গ্রামের কোপাল মণ্ডলের ছেলে। তারা পিরোজপুর ইউনিয়নের মৃধাকান্দী গ্রামে একটি বাড়িতে ভাড়া থাকতেন।
জানা গেছে, নাছির হোসেন ও শাহিন আলম ভোরে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে তারা গুরুতর আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ুম আলী সরদার জানান, নাছির হোসেন ও শাহিন আলম দুজনেই মেঘনা গ্রুপে কাজ করতেন। ভোরে কাজে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় তাদের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।







