মানিকগঞ্জ সদরে বিসিক শিল্প নগরী এলাকায় এস আর প্রিন্টিং প্রেস নামে একটি পাঠ্যপুস্তক ছাপাখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২০ জানুয়ারি) সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই প্রেসে চুক্তিভিত্তিতে সরকারি পাঠ্যপুস্তক ছাপানোর কাজ করা হয়।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জান্নাতুল ইসলাম নাঈম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে। মানিকগঞ্জ ফায়ার স্টেশনের দু’টি ইউনিট আগুন নেভানোর কাজ করেছে।
স্টেশন অফিসার জান্নাতুল ইসলাম নাঈম বাংলা ট্রিবিউনকে আরও জানান, শনিবার সকাল ৮টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের ওই ঘটনায় এস আর প্রিন্টিং প্রেস নামের ছাপাখানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তদন্ত ছাড়া ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে অনুমান করে কিছু বলা যাচ্ছে না।
এদিকে এস আর প্রিন্টিং প্রেসের মালিক মোহাম্মদ শাহজালাল জানান, আগুনে ২০ থেকে ২৫ লাখ টাকার বই পুড়ে গেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে বলেন, ‘আমি নিশ্চিত নই। শত্রুতাবশত আগুন লাগানো হয়ে থাকতে পারে। আবার শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে।’
তিনি আরও জানান, প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।








