গাজীপুরের শ্রীপুরে ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য রক্ষা পেলেন চালক। তিনি গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা গ্রামের আব্দুস সাহিদের ছেলে। শনিবার বিকেল ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর পৌরসভার লোহাগাছ (সাত রাস্তা) মোড়ে এ ঘটনা ঘটে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শনিবার বিকেলে শ্রীপুর পৌরসভার বৈরাগীরচালা এলাকার ইউনিলেন্স কারখানার কাজে শ্রীপুর থেকে প্রাইভেটকার নিয়ে কাপাসিয়া যাচ্ছিলেন চালক সবুজ। রেল সড়কের ওই স্থানে কোনো গেটবার না থাকায় চালক অসাবধানতাবশত রেল সড়কে ওঠে পরে। এসময় ঢাকা থেকে ময়মনসিংহগামী হাওড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি এসে পড়ায় চালক প্রাইভেটকার থেকে নেমে দৌড়ে প্রাণে রক্ষা পান। এতে চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ-২৯- ৮৬৭৮) সামনের অংশ দুমড়ে-মুচড়ে রেল সড়কের পাশের নিচু জমিতে পরে যায়। স্থানীয়রা চালককে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছে। প্রাইভেটকারে আর কোনও যাত্রী ছিল না।







