গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন কাশিয়ানী উপজেলার জঙ্গল মুকুন্দপুর গ্রামের রুকু শেখের ছেলে পিকআপ চালক শাজাহান শেখ (৪৫), একই উপজেলার ভূতপাশা গ্রামের বরকত মিয়ার ছেলে পিকআপের হেলপার সোহাগ মিয়া (২৮), রাতইল গ্রামের নজরুল মোল্লার ছেলে পিকআপের হেলপার নয়ন মোল্লা (২৫) এবং বাসযাত্রী বাগেরহাট মহিলা পরিষদের সভাপতি শিল্পী সমাদ্দার (৫০)।
ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পিরোজপুরগামী বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটবোঝাই একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায় ও পিকআপটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে পিকআপের চালক ও দুজন হেলপার ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া একজন বাসযাত্রীকে মারাত্মক আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে কাশিয়ানী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন।







