বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আগামী দুই মাসের মধ্যে দেশের প্রতিটি অঞ্চলে গ্যাস পৌঁছে দেওয়া হবে। গ্যাস দিয়ে পরিকল্পিত শিল্প এলাকা গড়ে তোলা হবে। তবে আবাসিক একটি চুলায় গ্যাস দেওয়ার মানে দুই’শ লোকের চাকরি কেড়ে নেওয়া। কারণ একটি চুলায় যে পরিমাণ গ্যাস পোড়ে তা দিয়ে অন্তত দুই’শ লোককে চাকরি দেওয়া যায়। তাই পরিকল্পিতভাবে শুধু শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করে সমৃদ্ধ দেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।’ সোমবার (০৫ মার্চ) সন্ধ্যায় টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তারা গ্যাস এবং বিদ্যুতের উন্নয়নে কোনও কাজ করেনি। কিন্তু বর্তমান সরকার ’১৮ সালের ডিসেম্বরের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়ে বাংলাদেশকে আলোকিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।’
সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত কলেজের নবীনবরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন। স্থানীয় সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের শুভেচ্ছা দূত রাশেক রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, অধ্যক্ষ রেনুবর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, চট্টগ্রাম আবাহনী লিমিটেডের পরিচালক নাজমুল করিম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ প্রমুখ।
অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত তার বক্তব্যে বলেন, ‘শিক্ষাবিদ ড. জাফর ইকবালের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়। এ হামলা মুক্ত চিন্তা ও প্রগতিশীলতার বিরুদ্ধে জঙ্গিবাদ এবং অপশক্তির হামলা।’







