গাজীপুরের শ্রীপুরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রব হাওলাদার (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর তিন সদস্য আহত হন। মঙ্গলবার (৬ মার্চ) রাত সাড়ে তিনটার দিকে শ্রীপুর-কাপাসিয়া সড়কের পটকা ভূঁইয়ার ভিটায় এ ঘটনা ঘটে। পুলিশের দাবি, রব ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে ডাকাতি মামলাসহ মোট ১৪টি মামলা রয়েছে।
আব্দুর রব শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শিবপুর গ্রামের আব্দুর রাজ্জাক হাওলাদারের ছেলে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পুলিশ মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে ওই এলাকায় টহল দিচ্ছিল। এসময় একদল ডাকাত পুলিশের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কমপক্ষে ১২ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এসময় ডাকাতের সহযোগীদের গুলিতেই রব গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ তাকে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে ১টি দেশীয় পাইপগান, ১টি চাইনিজ কুড়াল ও তিনটি রাম দা উদ্ধার করেছে। এ ঘটনায় আহতরা হলেন, শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম মোল্লা, কনস্টেবল মোস্তাফিজুর রহমান ও আনসার ব্যাটালিয়নের সদস্য সুভাষ। তবে তারা কেউ গুলিবিদ্ধ হননি। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
পুলিশ জানায়, নিহত ওই ডাকাতের নামে দেশের বিভিন্ন থানায় ৯টি ডাকাতি মামলা,২টি অস্ত্র মামলা ও ৩টি বিস্ফোরক মামলা রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সালমা নূর জানান, পুলিশ আহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই সে মারা যায়।








