নারায়ণগঞ্জের ফতুল্লায় আবুল কাশেম চৌধুরী নামে এক নৈশপ্রহরীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের দাবি পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন।
পুলিশ জানায়, আর্থিক লেনদেনের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে। শনিবার সকালে সদর উপজেলার ফতুল্লা থানার দেলপাড়া এলাকার স্টার প্যাকেজিং কারখানায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। আবুল কাশেম ওই কারখানার নৈশপ্রহরী ছিলেন।
নিহতের স্বজনরা জানান, আবুল কাশেম শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি কারখানার কাজে যান। শনিবার সকালে তিনি আর বাড়ি ফিরে আসেননি। এদিকে সকাল ৯টার দিকে কারখানার মালিকের ভাইসহ দুই জন বাসায় গিয়ে তার খোঁজ করলে স্বজনদের সন্দেহ হয়। পরে তারা কারখানার একটি রুমের তালা ভেঙে ভেতরে আবুল কাশেমের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
পরিবারের অভিযোগ, তিন-চার মাস আগ থেকে আবুল কাশেমকে কারখানার লোকজন হত্যার হুমকি দিয়ে আসছিল বলে তিনি জানিয়েছেন। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলেই তারা মনে করছেন। স্বজনরা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামালউদ্দিন জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার চোখ ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় কারখানার মালিক সেলিম পাঠানকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
আরও পড়ুন: জেদ্দা থেকে আসা ফ্লাইটে ৪৮টি স্বর্ণের বার, ছয় যাত্রী আটক








