কিশোরগঞ্জের সাদুল্লাচর বাজার সংলগ্ন কিশোরগঞ্জ-ময়মনসিংহ মহাসড়কে ট্রাক্টর-সিএনজি’র সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সিএনজি’র ড্রাইভারসহ ছয় জন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় তাড়াইল উপজেলা থেকে ছয় জন যাত্রী নিয়ে একটি সিএনজি কিশোরগঞ্জের দিকে আসছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে সাদুল্লাচর বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের পেছনে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সিএনজি’র যাত্রী আতাউর রহমান (৪৮) মারা যান। তিনি ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে সবর আলীর ছেলে।
এসময় সিএনজি’তে থাকা অনুমতি (৪৫), নাজমা (২৫), হাবিবুর রহমান (৬০), মুকলেছ (৩২), জাহানারা (৬০) ও ড্রাইভার আবু বকর (২৫) আহত হন। তাদের মধ্যে গুরুতর আহত অবস্থায় আবু বকর ও মুখলেছকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু শামা ইকবাল হায়াত ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুইজনকে জরুরি অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ও অন্য চারজন কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।








