ফরিদপুরের মধুখালীতে অবস্থিত রাষ্ট্রায়ত্ত ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেছে আখচাষি কল্যাণ সংস্থা। রবিবার দুপুরে বকেয়া আখের বিক্রয় ও আখবীজের মূল্য পরিশোধের দাবিতে এ স্মারকলিপি দেওয়া হয়।
আখচাষী কল্যাণ সংস্থার পক্ষ থেকে চিনিকলের প্রধান গেটে স্মারকলিপি দেওয়ার আগে সংস্থার সভাপতি মো. শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, আখচাষী ফেডারেশনের সহ সাধারণ সম্পাদকসহ প্রমুখ।
পরে সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি শফিকুল ইসলাম বলেন,‘ চিনিকলের কাছে আখচাষীদের ২০১৭-২০১৮ অর্থবছরে ৩ কোটি ২০ লাখ টাকা পাওনা রয়েছে। দেড় মাস পার হলেও এই টাকা আমরা পাচ্ছি না।’ এসময় আগামী ৩ এপ্রিলের মধ্যে এই পাওনা টাকা দেওয়ার জোর দাবি জানান তিনি।
চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. আকমল হোসেন আখচাষিদের স্মারকলিপি গ্রহণ করেন। এসময় তিনি জানান, পাওনা টাকা দ্রুত পরিশোধের ব্যবস্থা করা হবে।
মিল সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, গত পাঁচ-ছয় বছর যাবত নানা অজুহাতে আখচাষিদের বকেয়া প্রদানে দেরি করছে কর্তৃপক্ষ। এতে সাধারণ কৃষকদের চরম অনিশ্চয়তা ও ক্ষতির মধ্যে পড়েছেন।







