প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী বলেছেন, ‘আন্তর্জাতিক চাপ সৃষ্টির মাধ্যমে হলেও রোহিঙ্গাদের মিয়ানমার ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। তাদের ফিরিয়ে নেওয়ার পর মিয়ানমার সরকার কি করবে, সেটা তাদের ব্যাপার।’
সোমবার (২৬ মার্চ) দুপুরে টাঙ্গাইলে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে মির্জাপুর উপজেলার গোড়াই মমিন নগরের ফিরদাউস নাসির চেরিট্যাবল হেলথ কমপ্লেক্স পরিদর্শন করেন।
গওহর রিজভী আরও বলেন, ‘১০ লাখ রোহিঙ্গা বর্তমানে বাংলাদেশে আছে। তাদের প্রত্যাবাসন প্রক্রিয়ায় সময় লাগবে। তার মানে এই নয়, তারা ফিরে যাবে না। তবে তারা যতদিন বাংলাদেশে আছে, ততদিন তাদের নিরাপত্তার ব্যবস্থা জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে করতে হবে।’
জার্মানির এক গবেষণা সংস্থার রিপোর্টে বাংলাদেশকে বিশ্বের পাঁচ স্বৈরতান্ত্রিক দেশের তালিকায় যুক্ত করা সম্পর্কে তিনি বলেন, ‘তারা কিসের ভিত্তিতে এই রিপোর্ট করেছে, তা জানা নেই। তবে যে দেশে পার্লামেন্ট আছে। স্বাধীনভাবে সবাই মত প্রকাশ করতে পারছে। সেখানে স্বৈরতন্ত্র কিভাবে থাকতে পারে, তা আমার জানা নেই। ওই সংস্থাটি বাংলাদেশে আসেনি, আমাদের সঙ্গে কোনও কথাও বলেনি। মনগড়া এক রিপোর্ট দিয়েছে।’
হেলথ কমপ্লেক্স পরিদর্শকালে উপদেষ্টা গওহর রিজভীর ছোট ভাই আলী জওহর রিজভী, মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজগর হোসেন, সহকারী পুলিশ সুপার আফসার উদ্দিন খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহারিয়ার সাজ্জাত, মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম মিজানুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।







