ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকা থেকে ১৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় ইয়াবা পাচারের অভিযোগে তিন জনকে গ্রেফতার ও একটি পাজেরো জিপ জব্দ করেছে পুলিশ। রবিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। সোমবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার রাতে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। এসময় চৌরাস্তা এলাকায় কলাপাতা রেস্টুরেন্টের সামনে কক্সবাজার থেকে ঢাকাগামী একটি পাজেরো জিপে (ঢাকা মেট্টো-ঘ-১১-৪৩০৯) তল্লাশি চালায়ে সোনারগাঁও থানা পুলিশ। তল্লাশি চালিয়ে ১৪ হাজার পিস ইয়াবাসহ মঞ্জুর আলম, দিদারুল আলম দীলু ও আবু আলমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মঞ্জুর আলম কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মরিপাড়া গ্রামের ছাব্বির আহাম্মেদের ছেলে, দিদারুল আলম একই এলাকার ভূয়া কলম গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে এবং আবু আলম একই এলাকার মধ্যম ছনিয়া পালন গ্রামের বদিউল আলমের ছেলে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।








