সাভারে জমি কেনার কথা বলে ডেকে নিয়ে রাজধানীর সোনারগাঁও হোটেলের স্টাফ সালাউদ্দিন মোহাম্মদ নোমানকে (৫৭) অপহরণ করে একটি অপহরণকারীচক্র। তবে অপহরণের একদিন পরই শনিবার (১৪ এপ্রিল) সকালে সাভার পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে র্যাব। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নারীসহ তিনজনকে আটক করা হয়েছে।
সাভারের রাজাবাড়ি মহল্লার হাজী আবুল খায়েরের বাড়ি থেকে সালাউদ্দিন মোহাম্মদ নোমানকে উদ্ধার করা হয়।
আটককৃতরা হলো সাভারের নয়াবাড়ি এলাকার সিরাজুল ইসলামের মেয়ে শান্তা আক্তার (২৫), রাজাবাড়ি এলাকার হাজী আবুল খায়েরের ছেলে সোহাগ আহমেদ (৩৫) ও মানিকগঞ্জের সিংগাইরের মেরাজ হকের ছেলে হাসিবুল হক হাসিব (২৮)।
র্যাব-৪ নবীনগর সিপিসি-২ কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম জানান, শুক্রবার দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলের বয় সালাউদ্দিন মোহাম্মদ নোমানকে তার বাসা থেকে জমি কেনার কথা বলে ডেকে নিয়ে আসে অপহরণকারীরা। পরে তালবাগ এলাকা থেকে তাকে কৌশলে অপহরণ করে পার্শ্ববর্তী মহল্লা রাজাবাড়ি এলাকার হাজী আবুল খায়েরের বাড়ির ছয়তলার একটি কক্ষে আটকে রাখা হয়। এ সময় তার হাত, পা, মুখ ও চোখ বেঁধে নির্যাতন করে এবং পরিবারের কাছে বিকাশের মাধ্যমে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। পরে এ ঘটনায় সালাউদ্দিনের ভাই ওই দিন বিকালেই মিরপুর থানায় একটি জিডি করেন। এরই ভিত্তিতে র্যাব-৪ প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়। পরে রাতে অভিযান চালিয়ে সাভারের তালবাগ এলাকা থেকে শান্তা আক্তার, সোহাগ আহমেদ ও হাসিবুল হক হাসিবকে আটক করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতকে উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, অপহরণকারী সোহাগ তার বাবার মালিকানাধীন রাজাবাড়ি এলাকার বাড়িতে অপহৃতকে আটকে রেখে মুক্তিপণ দাবি করে। আটককৃতরা জমি বিক্রির কথা বলে এর আগেও অপহরণের ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেন তিনি।








