নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নিখোঁজের ২৫ দিন পর এক স্কুলছাত্রীকে সীতাকুণ্ড থেকে উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে সীতাকুণ্ড বাজারের পাশের একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
গত ৪ এপ্রিল সকালে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ওই শিক্ষার্থী বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। এ ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সবজেল আহমেদ জানান, বরপা এলাকার অন্তিম নিটিং গার্মেন্টের কর্মচারী ও দিনাজপুর জেলার বিরামপুর থানার দেবীপুর এলাকার মজলুম হোসেন পরিবার নিয়ে উপজেলার বরপা এলাকায় আইছালীর ভাড়াবাড়িতে বসবাস করেন। তার মেয়ে স্থানীয় বরপা নুরুদ্দিন উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির শিক্ষার্থী। গত ৪ এপ্রিল সকাল সাড়ে ৭টার দিকে বিদ্যালয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মিথিলা। এরপর থেকে সে নিখোঁজ ছিল।
এ ঘটনায় ৮ এপ্রিল শিক্ষার্থীর মা শামসুন্নাহার রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর আধুনিক প্রযুক্তির সহায়তায় রবিবার সকাল ৮টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারের পাশের একটি বাড়ি থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করে পুলিশ।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, ‘নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। তবে বিষয়টি প্রেমঘটিত বলে ধারণা করা হচ্ছে।’








