মুখোশ পরা এক ব্যক্তি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের সিন্দুকের তালা ভেঙে টাকা চুরির চেষ্টা করে। কিন্তু প্রহরীরা তৎপর হয়ে উঠলে চোর বস্তাভর্তি টাকা ফেলে পালিয়ে যায়। এ সময় চোরের রডের আঘাতে শরীফ নামে এক প্রহরী আহত হন। শনিবার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে যান। অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ফুটেজ দেখে চোর শনাক্তের চেষ্টা চলছে।
মসজিদের নিরাপত্তা বলয় ভেঙে এ চুরির চেষ্টায় শহরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এদিকে চোরের ফেলে যাওয়া পাগলা মসজিদের আট লাখ পাঁচ হাজার টাকা, কিছু স্বর্ণালঙ্কার ও সিন্দুক ভাঙার যন্ত্রপাতি উদ্ধার করা হয়েছে। টাকাগুলো ব্যাংকে, স্বর্ণালঙ্কারগুলো কিশোরগঞ্জ ট্রেজারিতে জমা রাখা হয়েছে। আর চোরের ফেলে যাওয়া যন্ত্রপাতি ও ব্যাগ পুলিশ জব্দ করে নিয়ে গেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
চুরির চেষ্টার পুরো চিত্রটি পাগলা মসজিদের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এতে দেখা যায় কালো জ্যাকেট ও প্যান্ট পরা এক মখোশধারী যুবক একটি কাটার দিয়ে মুহূর্তেই সিন্দুকের দুটি তালা কেটে ফেলে। পরে একটি কালো কাপড়ের বস্তায় সিন্দুকের টাকা ভরে বের হয়ে যায়।







