রাজবাড়ীতে নিজের ঘরের টিন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবুল গাজী (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। পৃথক ঘটনায় জেলা শহরের বড় বাজার এলাকায় রড বিছানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রহমান (৬৫) নামে এক রডমিস্ত্রি গুরতর আহত হয়েছে। সোমবার (৪জুন) সকাল ১০টার দিকে এ দুই ঘটনা ঘটে।
নিহত কৃষক বাবুল গাজী রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের মুকুনন্দিয়া গ্রামের মোতালেব গাজীর ছেলে। আর আহত রহমান জেলার কাকিলাদহ গ্রামের বাসিন্দা।
নিহত কৃষক বাবুল গাজীর ছোট ভাই মো. লিটন জানান,সকালে নিজ ঘরের চালের টিন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট নিচে পড়ে যান বাবুল গাজী। পরে তাকে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে আহত রড মিস্ত্রির সহকর্মী মো. জহুরুল শেখ জানান,সকালে একটি ভবনের রড বিছানোর কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় রহমান। উঁচু তলা থেকে পড়ে গিয়ে তার মাথা ফেটে যায়।পরে তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাহিদ জানান, বাবুল গাজীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আর আহত রহমানকে চিকিৎসা দেওয়া হচ্ছে।








