আশুলিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত সেনাবাহিনীর সাবেক সার্জেন্ট আরিফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৪ জুন) সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। এর আগে রবিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বলেন, ‘সেনা সদস্য আশুলিয়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের তত্ত্বাবধান ও বালু-পাথর সরবরাহের দায়িত্বে ছিলেন। রবিবার রাতে ওই ভবনের জন্য বালু এসেছে মোবাইলফোনে এমন খবরের ভিত্তিতে তিনি বাসা থেকে বের হন। পরে ভোরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের সামরিক হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।’
নিহত সেনা সদস্য গোপালগঞ্জ সদর থানার চন্দ্রদিগুলী গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার কবরস্থান রোড এলাকার এনামুল হকের বাড়িতে ভাড়া থাকতেন।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. নয়ন ভুইয়া বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে নিহতের স্ত্রী বিউটি আক্তার জুই আশুলিয়া থানায় সোমবার দুপুরে একটি হত্যা মামলা দায়ের করেছেন।’







