ঢাকার ধামরাইয়ে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার (৩ আগস্ট ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে সূর্যমুখী নামের একটি যাত্রীবাহী বাস আরিচার দিকে যাচ্ছিল। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাসটি ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সেতু পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। এছাড়াও দুই বাসের আরও প্রায় ৩০ জন যাত্রী আহত হন। তাদেরকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ধামরাইয় ফায়ার সার্ভিসের ওয়ার হাউজ ইন্সপেক্টর সাহেব আলী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেছে।’
ধামরাই থানার উপপরিদর্শক (এস আই) জুলফিকার হায়দার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।’ এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও তিনি জানান।








