গোপালগঞ্জের টুঙ্গিপাড়া খাদ্যগুদাম থেকে পাচারের সময় ২৬০ বস্তায় ১৩ মেট্রিক টন সরকারি চাল জব্দ করেছে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। মঙ্গলবার (৭ আগস্ট) সকালে কালু শেখ ও বিভাষ হাজরা নামে দুই ব্যাবসায়ী নসিমন গাড়িতে করে টুঙ্গিপাড়া খাদ্য গুদাম থেকে পাচারের সময় উপজেলা নির্বাহী অফিসার টুঙ্গিপাড়ার পাটগাতি বাজার এলাকা থেকে এসব সরকারি চাল জব্দ করেন।
এ ব্যাপারে ওই খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদা খাতুন জানান, এসব কাবিখা প্রকল্পের চাল। ওই ব্যবসায়ীদের বার বার এসব চাল নিয়ে যাবার কথা বললেও তারা নির্দিষ্ট সময়ের মধ্যে নেয়নি। আজ মঙ্গলবার এসব চাল বাইরে ফেলে দেওয়ার নির্দেশ দিলে ওই ব্যবসায়ীরা তাকে ফাঁসাতে এমন কাজ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাকিব হাসান তরফদার বলেন, ‘সরকারি চাল গুদাম থেকে পাচার হচ্ছে এমন খবর পাওয়ার পর অভিযান পরিচালনা করার সময় ২৬০ বস্তায় ১৩ মেট্রিক টন চাল আটক করা হয়েছে। বিষয়টি আমি জেলা প্রশাসককে জানিয়েছি। পরবর্তীতে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’







