নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেলামাইন কারখানার শ্রমিককে জোরপূর্বক তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে রুপগঞ্জের তারাবো তেতলাবা খালপাড় এলাকার একটি নির্জন স্থানে এ ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রুপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান।
নির্যাতিতার পরিবারের বরাত দিয়ে রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে নির্যাতনের শিকার ওই নারী একটি মেলামাইন কারখানায় কাজ শেষে রাত বাড়ি ফিরছিল। পথে তেতলাবো খালপাড় এলাকায় পৌঁছালে মাসাবো এলাকার রবিউলের ছেলে মামুন, আইয়ুব আলীর ছেলে হাসান মাতবর, ইব্রাহীমের ছেলে শাহীন আলম ও নিরঞ্জন বিশ্বাসের ছেলে অর্জুন বিশ্বাস তার মুখ চেপে ধরে তেতলাবো খালপাড় এলাকার একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেলে রেখে ধর্ষকরা পালিয়ে যায়। পরে ওই কিশোরী তার পরিবারকে জানালে তার বাবা বাদী হয়ে শুক্রবার বিকেলে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ অভিযুক্ত হাসান মাতব্বর, শাহীন ও অর্জুন বিশ্বাসকে গ্রেফতার করে। নির্যাতনের শিকার কিশোরি তেতলাবো এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো।
এব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, নির্যাতনের শিকার কিশোরির মেডিক্যাল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। অভিযুক্ত চার আসামির মধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।








