টাঙ্গাইলে বাসের মধ্যে ধর্ষণের শিকার সেই বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে তার পরিবারের হেফাজতে দিয়েছেন আদালত। সোমবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে ওই নারীর ভাইয়ের জিম্মায় তাকে দেওয়া হয়। টাঙ্গাইল আদালতের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার দুপুরে ওই নারীর ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে নিরাপত্তা হেফাজত থেকে তার ভাইয়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান।’
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহিন সিদ্দিকী বলেন, আবেদনের পরিপ্রেক্ষিতে মেয়েটিকে তার ভাইয়ের হেফাজতে দেওয়ার আদেশ দেন আদালত। এরপর বিকেলে ওই নারীকে নিয়ে তার ভাই ও স্বজনরা বাড়ির উদ্দেশে রওনা দেন। ওই নারী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার কুড়িপুর গ্রামের বাসিন্দা।
অন্যদিকে রবিবার গভীর রাতে বাসের সুপারভাইজার এরশাদ আলীকে (৪০) গ্রেফতার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। পরে এরশাদ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে পুলিশ সোমবার দুপুরে তাকে আদালতে পাঠায়। আগামীকাল মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন আদালত।
এরশাদ আলী কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকার মৃত লালচানের ছেলে। এর আগে এই ঘটনায় বাসের হেলপার নাজমুলকে গ্রেফতার করা হয়েছে। নাজমুল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।








