টাঙ্গাইলে বাসের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় সুপারভাইজার এরশাদ আলীর (৪০) চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বাসের সুপারভাইজারের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিজ্ঞ আদালত শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। টাঙ্গাইলের আদালত পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘সোমবার (৩ সেপ্টেম্বর) দুপুরে এই মামলার তদন্ত কর্মকর্তা গ্রেফতার এরশাদ আলীর পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠান। পরে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশিকুজ্জামান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (যশোর-ব-৪৪২) কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের গন্তব্যে নেমে যান। এই সুযোগে ওই নারীকে একা পেয়ে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে তাকে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের হেলপার নামজুলকে গ্রেফতার করে। পরে নাজমুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর গত রবিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে বাসের সুপারভাইজার এরশাদ আলীকে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে গ্রেফতার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। এরশাদ আলী ওই এলাকার বাসিন্দা।








