গাজীপুরে চুরির আভিযোগে তারা মিয়া (৩১)নামে এক যুবকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত তারা মিয়া টাঙ্গাইলের ধনবাড়ি উপজেলার পাইসকা গ্রামের মৃত আব্দুল গফুরর মিয়ার ছেলে। শনিবার রাতে গাজীপুর মহানগরের পূবাইল (মাঝুখান) এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হলো, আকলিমা আক্তার, আরজান বেগম ও মাজেদুল হক।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, তারা মিয়া আকলিমাদের বাড়িতে ভাড়া থেকে এলাকায় রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন। চার বছর আগে আকলিমার স্বামী মারা যান। আকলিমার সঙ্গে তারা মিয়ার অনৈতিক সম্পর্ক আছে এ কথা প্রচার হলে চার মাস আগে গ্রাম্য শালিস হয়।এরপর তারা মিয়া ভাড়া বাসাটি ছেড়ে অন্য বাসায় চলে যান। তারপরও তাদের মাঝে প্রেমের সম্পর্ক থেকে যায়। বিষয়টি জানাজানি হলে আকলিমার পরিবার তা মেনে নেয়নি। এর জের ধরে শনিবার রাতে মাজেদুল হক ও তার সহযোগীরা তারা মিয়াকে ডেকে এনে চুরির অপবাদ দিয়ে মারপিট করে। এতে ঘটনাস্থলেই তারা মিয়া মারা যান।
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া প্রেমের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। খবর পেয়ে জয়দেবপুর থানার পূবাইল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। মামলা দায়েরের পর আটককৃতদের বিরুদ্ধে আইনগত নেওয়া হবে।








