বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে এবং জ্ঞান আহরণের সুযোগ করে দেয়ার জন্য পাঁচ হাজার বই নিয়ে যাত্রা শুরু করেছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ (পিপিআইএমএসসি) গ্রন্থাগার।
সোমবার দুপুরে গ্রন্থাগারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি ও মুন্সিগঞ্জের জেলা প্রশাসক সায়লা ফারজানা।
ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত কলেজটির আধুনিক গ্রন্থাগারে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নামে একটি কর্নার। এখানে রয়েছে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক বই। এখান থেকে কোমলমতি শিক্ষার্থীরা স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারবে।
শিক্ষার্থীদের পড়ার আগ্রহ তৈরি করতে গ্রন্থাগারটির অভ্যন্তরীণ সাজ-সজ্জায় আনা হয়েছে বৈচিত্র্য। শিশু শিক্ষার্থীদের কথা চিন্তা করে লাইব্রেরির একাংশে শিশুদের ব্যবহার উপযোগী চেয়ার টেবিল রাখা হয়েছে। গ্রন্থাগারের অভ্যন্তরে শিশুদের জন্য লেখা হয়েছে উপদেশ ও প্রেরণামূলক বিভিন্ন বাণী।
এছাড়া গ্রন্থাগারটিতে রয়েছে ইন্টারনেট সুবিধা। এর মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন খবরাখবর সহজেই জানতে পারবেন শিক্ষার্থীরা। এই গ্রন্থাগার থেকে অনলাইনে ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলা একাডেমি, গণগ্রন্থাগারসহ আন্তর্জাতিক বিভিন্ন গ্রন্থাগারে রক্ষিত প্রাচীন ও মূল্যবান বই পড়তে পারবেন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, ধলেশ্বরী নদীর তীরে নির্মিত গ্রন্থাগারটিতে শিক্ষার্থীরা পাঠ্য বইয়ের পাশাপাশি অন্যান্য বই পড়ে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মেজর গাজী মোহাম্মদ তাওহিদুজ্জামান। তিনি বলেন, প্রাতিষ্ঠানিক লেখাপড়ার পাশাপাশি পাঠাগারই পাঠকের চেতনা ও জ্ঞানকে শাণিত করে। পাঠাগারে থাকেন রবীন্দ্রনাথ, নজরুল, শেক্সপিয়র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বরেণ্য মানুষদের জানতে এবং তাদের আদর্শে নিজেদেরকে আলোকিত করতে পাঠাগারের কোনও বিকল্প নেই।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. হাবিবুর রহমান, সরকারি হরগংগা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও শিক্ষা) এইচ এম রকিব হায়দার, জেলা পুলিশের এএসপি (হেডকোয়াটার্স) রাজিব আহম্মেদ, সরকারি হরগংগা কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীর কুমার গাঙ্গুলী, দৈনিক সভ্যতার আলো'র সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, দৈনিক নাগরিক সময়ের সম্পাদক তানভির হাসান, মুন্সিগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নুপুর, গ্রন্থাগারটির নকশাবিদ বিপ্লব বড়ুয়া প্রমুখ।








