মাদারীপুর সদরে চাঁদনী নামে ৭ বছর বয়সী এক শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১২ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার পশ্চিম মহিষেরচর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। মাদারীপুর সদর মডেল থানার এসআই মোহাম্মদ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে, নিহত শিশুর পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে।
নিহত চাঁদনী মহিষেরচর এলাকার আমির হোসেন মিয়ার মেয়ে। আমির হোসেন ও তার স্ত্রী দুদিন আগে বরিশালের বানারিপাড়ায় বেড়াতে গেছেন।
নিহতের স্বজনরা জানান, দুপুরে গোসলের কথা বলে বাড়ি থেকে বের হয় চাঁদনী। এরপর বাড়িতে ফিরে না আসলে দাদা-দাদি চাঁদনিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে রান্নাঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। পরিবারের লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে শিশুটিকে হত্যা করা হয়েছে। চাঁদনীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত সহযোগিতার কথা জানিয়েছে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার এসআই মোহাম্মদ হাসান বলেন, ‘পরিবার থেকে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। খবর পেয়ে আমিসহ অন্যরা ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছি। এটি হত্যা, নাকি আত্মহত্যা পুলিশের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।








